নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঘুনাথপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিপু সুলতান ও মফিজার শেখের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে বিকেল ৩টার দিকে ইসলাম শেখ অটোভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় পৌঁছালে টিপু সুলতানের পক্ষের লোকজন তাঁকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসলাম শেখকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত টিপু সুলতানের পক্ষের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

