খুলনা ব্যুরো:
পরিকল্পিত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব খুলনা গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
শনিবার (১আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুন্দর, সবুজ ও বাসযোগ্য নগর গঠনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি বলেন, বৃক্ষ মানুষের জীবনের অপরিহার্য অংশ। বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে জলবায়ুর ভারসাম্য রক্ষা—সব ক্ষেত্রেই গাছের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু নগরায়ন ও উন্নয়নের নামে নির্বিচারে বৃক্ষ নিধনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলেই তাপমাত্রা বৃদ্ধি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে।
কেডিএ চেয়ারম্যান আরও বলেন, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের দিকনির্দেশনায় শিল্পনগরী খুলনাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে কেডিএ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। তবে একটি সবুজ নগর গঠনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিটি পরিবার এবং প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
খালিশপুর থানা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ আব্দুর রহিম। এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, মো. আবুল কালাম জিয়া, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো. আবু সাইদ শেখ, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন রাজা, সৈয়দ হুমায়ুন কবির, সদস্য সচিব অ্যাডভোকেট আসলাম হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শাহিনুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সাবেক কাউন্সিলর আফরোজা জামানসহ স্থানীয় বিএনপি ও তাঁতীদলের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন খালিশপুর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পারভেজ মোল্লা, বারেক হাওলাদার, রাসেল শিকদার, বাবুল ফরাজী, আল আমিন তুহিন, কালাম হোসেন, জাকির হোসেন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে একই দিন সকাল ১১টার দিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে রেইনকোট বিতরণ করেন কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। আনোয়ার-রুবি ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

