চুয়াডাঙ্গা প্রতিনিধি
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মাদক ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে লংমার্চ করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলা যায়। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের বক্তব্য তুলে ধরবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। এটি তাদের বিষয়। আমরা চাই, একটি দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’
মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যাপ্রবণতা প্রতিরোধের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন সংস্কৃতিমন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।
পরে সংস্কৃতিমন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

