বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
যশোর

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘স্কিল মিসম্যাচ’ দূর করতে হবে: আইনমন্ত্রী

যশোর প্রতিনিধি:

দেশের সবচেয়ে বড় শক্তি যুবসমাজ উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের চাহিদার যে ‘স্কিল মিসম্যাচ’ রয়েছে, তা দূর করতে হবে। কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে তরুণদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত চাকরি মেলা ও ক্ষুদ্রঋণবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, আয়োজিত চাকরি মেলা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে কার্যকর সেতুবন্ধ হিসেবে কাজ করবে। চাকরি খোঁজার পাশাপাশি তরুণদের নিজেদের দক্ষতা কর্মবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ভাতাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া ২ হাজার ৫০০ টাকা সঠিকভাবে কাজে লাগাতে পারলে দুই থেকে তিন বছরের মধ্যে একটি পরিবার স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে তিনি চীনের একটি বাস্তব অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, কোনো মানুষ যাতে আইনি সহায়তার বাইরে না থাকে, সে ব্যবস্থা সরকার গ্রহণ করছে। আইনি সহায়তা নিয়ে কাজ করা বিভিন্ন ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বা এমএফআইয়ের সঙ্গে সরকার সমঝোতা স্মারক (এমওইউ) করার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও বিশ্লেষণ করে মানুষের কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআরএর মাধ্যমে পরিচালিত এমএফআইগুলো কোনো ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের মাধ্যমে পরিচালিত হয়। প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে পরিচালনার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে চাকরি মেলার উদ্বোধন করেন ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্যমতে, চাকরি মেলায় ৩৬টি ক্ষুদ্রঋণ বিতরণকারী বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রায় ৩৩ হাজার সিভি বা আবেদন জমা পড়ে।

মেলায় সরাসরি সিভি বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে ঋণ কর্মকর্তা, হিসাবরক্ষক, শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে ১ হাজার ১১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সংগৃহীত অবশিষ্ট সিভিগুলো যাচাই-বাছাই করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আরও প্রায় ৩ হাজার চাকরিপ্রার্থীকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা।

চাকরি মেলায় সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে মেলা প্রাঙ্গণে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড় জমে। বিপুলসংখ্যক প্রার্থীর উপস্থিতি সামলাতে আয়োজকদেরও হিমশিম খেতে হয়।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493