ন্যাশনাল ডেস্ক
তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং সার্বিক জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার এ ধরনের তৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। পাশাপাশি কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ নিরসন এবং পোশাক খাতের চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে রোববার সন্ধ্যার পর সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
এর আগে রোববার দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর কয়েক ঘণ্টা আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। তবে মজুরি বোর্ডের জন্য শ্রমিক প্রতিনিধির নাম চূড়ান্ত করতে মন্ত্রণালয়ের কিছুটা সময় লাগায় বোর্ড গঠনের প্রক্রিয়ায় সামান্য বিলম্ব হয়।
নতুন মজুরি বোর্ড গঠনের মধ্য দিয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

