শিক্ষা ডেস্ক:
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবার ফলাফলে স্পষ্ট অবনতি দেখা গেছে। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
অর্থাৎ এক বছরের ব্যবধানে গড় পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।
সাধারণ শিক্ষা বোর্ডে কমেছে পাসের হার
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।
বোর্ডভিত্তিক ফলাফলে দেখা যায়, এবার সর্বোচ্চ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ। এরপর যশোর বোর্ডে ৬৬ দশমিক ২৭ শতাংশ এবং কুমিল্লা বোর্ডে ৬৫ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
মাদরাসা ও কারিগরি শিক্ষাতেও চিত্র হতাশাজনক
সমমান পরীক্ষার ফলেও পাসের হার তুলনামূলকভাবে কম। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ, আর কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।
সব মিলিয়ে এবারের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই গত বছরের তুলনায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য এবারের ফলাফল নতুন করে মূল্যায়নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

