ন্যাশনাল ডেস্ক:
রাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদ সদস্যদের ভোটে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩ জন সংসদ সদস্য ভোট দিতে উপস্থিত হননি। তারা হলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
ভোটের ফলাফলে স্পষ্ট ব্যবধানে জয় পাওয়ার মধ্য দিয়ে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের পরদিনই তার শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের পথ খুলল। এখন শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

