স্পোর্টস ডেস্ক:
সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ওপেনার ইব্রাহিম জাদরানকে।
আগামী ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
ভারতের বিপক্ষে এই সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে আফগানিস্তান। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নবীন-উল-হক। ডান কাঁধে ফ্র্যাকচারের কারণে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ এবং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। তার ফেরায় আফগানিস্তানের পেস আক্রমণ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।
দলে রয়েছেন অভিজ্ঞ পেসার ফজল হক ফারুকি, আবদুল্লাহ আহমদজাই এবং অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়াতে দলে ফিরেছেন তারকা অলরাউন্ডার গুলবদিন নাইবও।
স্পিন বিভাগে আফগানিস্তানের বড় ভরসা রশিদ খান। এশিয়ান গেমসের দলে জায়গা না পেলেও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। রশিদের সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন নূর আহমেদ ও নাঙ্গিয়াল খারোতি। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির উপস্থিতি দলে বাড়তি ভারসাম্য ও অভিজ্ঞতা যোগ করবে।
স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আনক্যাপড উইকেটকিপার-ব্যাটার নূর রহমান। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। রহমানুল্লাহ গুরবাজের পাশাপাশি দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দায়িত্ব পালন করবেন নূর রহমান।
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি
- ১৩ সেপ্টেম্বর: প্রথম টি-টোয়েন্টি
- ১৫ সেপ্টেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি
- ১৭ সেপ্টেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি
তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

