রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খুলনা বিভাগ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির

খুলনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ উদ্যোগে অপসারণের আহ্বান জানিয়েছে খুলনা মহানগর ও জেলা বিএনপি।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ব্যক্তিগত উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এসব প্রচারসামগ্রী স্থাপনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। ব্যস্ততম সড়কে গর্ত খুঁড়ে তোরণ নির্মাণ এবং ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ওপর অনুমতি ছাড়া প্রচারসামগ্রী টানানো প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় অনুসৃত ‘সবার আগে বাংলাদেশ’ নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাধিকবার নির্দেশনা দিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব প্রচারসামগ্রী অপসারণের মতো বিব্রতকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর পরিস্থিতি এড়ানোর স্বার্থে সব রাজনৈতিক ব্যক্তিত্ব, সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ উদ্যোগে স্থাপিত তোরণ, প্যানা, ব্যানার ও ফেস্টুন অপসারণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

জনস্বার্থ, জননিরাপত্তা, নগরীর সৌন্দর্য রক্ষা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581