খুলনা প্রতিনিধি:
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর লবণচরা থানাধীন দরগাপাড়া এলাকায় কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কলিন ওই এলাকার মাহাতাব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলিন দুই-তিন দিন পরপর বাড়িতে আসতেন। শনিবার বিকেলে তিনি বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে রাত ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে সড়কের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। পরে বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়।
খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, নিহত যুবকের বিরুদ্ধে মাদকসংক্রান্ত সাতটি এবং একটি হত্যা মামলা রয়েছে। তিনি প্রায়ই বাড়ির বাইরে থাকতেন এবং মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি সড়কে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

