স্পোর্টস ডেস্ক:
দেশের বিভিন্ন অঞ্চলে ব্যক্তি ও গোষ্ঠীর উদ্যোগে জেলা ভিত্তিক ক্রিকেট সংস্থা গঠন এবং ক্রিকেটের উন্নয়ন, আয়োজন ও প্রচারের নামে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড জানিয়েছে, তাদের অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা ছাড়া গঠিত কোনো সংগঠনকে ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে বিবেচনা করা হবে না।
সম্প্রতি এ ধরনের বিভিন্ন উদ্যোগ ও প্রচারণা বিসিবির দৃষ্টিগোচর হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এক বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে গঠিত এসব সংস্থা, সংগঠন বা কার্যক্রমের সঙ্গে বোর্ডের কোনো ধরনের সম্পর্ক, অনুমোদন, স্বীকৃতি বা সংশ্লিষ্টতা নেই। ফলে এসব সংগঠনকে কোনোভাবেই বিসিবির অনুমোদিত বা স্বীকৃত জেলা ক্রিকেট সংস্থা হিসেবে দাবি বা বিবেচনা করা যাবে না।
বিসিবি সংবিধানের ৬.২ অনুচ্ছেদে বলা হয়েছে, সারা দেশে ক্রিকেট সংগঠনের সম্প্রসারণ ও সমন্বয়ের পাশাপাশি ক্রিকেট পরিচালনার স্বার্থে বোর্ড কর্তৃক নির্ধারিত অঞ্চল অনুযায়ী আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থা গঠন নিশ্চিত করার দায়িত্ব বিসিবির।
এ ছাড়া সংবিধানের ৬.৪ অনুচ্ছেদ অনুযায়ী, বিসিবির অধিভুক্ত ক্রিকেট সংস্থাগুলোকে স্বীকৃতি দেওয়া, তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ এবং বোর্ড কর্তৃক গঠিত আঞ্চলিক ও জেলা ক্রিকেট সংস্থাসহ বিভিন্ন অঞ্চল ও অঙ্গসংগঠনের স্বীকৃতি, পরিচালনা ও নিয়ন্ত্রণের এখতিয়ারও বিসিবির।
বোর্ড আরও জানিয়েছে, সংবিধানের ৯.১(খ) অনুচ্ছেদ অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ক্রিকেট সংস্থাকে বিসিবি অনুমোদিত নীতিমালা ও বিধিমালা অনুসারে গঠিত হতে হবে। পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগ, জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, জাতীয় যুব ও বয়সভিত্তিক ক্রিকেটসহ বিসিবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি নিজ অঞ্চলে নিয়মিত ক্রিকেট লিগ পরিচালনার দায়িত্বও জেলা ক্রিকেট সংস্থার।
তবে কোনো জেলায় জেলা ক্রিকেট সংস্থার প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত সুবিধা গড়ে না ওঠা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থাকে জেলা ক্রিকেট সংস্থা হিসেবে গণ্য করার বিধান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে বিসিবি।
বোর্ডের ভাষ্য অনুযায়ী, বিসিবির স্বীকৃতি বা অনুমোদন এবং প্রযোজ্য সাংবিধানিক বিধান, নীতিমালা ও বিধিমালা অনুসরণ করে গঠিত সংস্থা, সংগঠন বা কমিটিই কেবল ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে স্বীকৃত বা অনুমোদিত হবে। একই সঙ্গে এসব সংস্থাই বিসিবির সাংগঠনিক কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবে।
বিসিবি স্পষ্ট করে বলেছে, তাদের স্বীকৃতি বা অনুমোদন ছাড়া কোনো সংস্থা বা সংগঠন নিজেদের ‘জেলা ক্রিকেট সংস্থা’ হিসেবে দাবি করলে তা বিসিবির সংবিধান পরিপন্থী এবং অবৈধ সংস্থা হিসেবে বিবেচিত হবে।
এ অবস্থায় জেলা পর্যায়ে ক্রিকেট সংস্থা গঠন বা ক্রিকেট কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনগুলোকে বিসিবির অনুমোদিত সাংবিধানিক কাঠামো ও বিধিবিধান অনুসরণের আহ্বান জানিয়েছে বোর্ড।

