স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও জাপান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ।
এক বিবৃতিতে ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
‘স্পোর্ট ৭৫’ নামের এই উদ্যোগের লক্ষ্য খেলাধুলার মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা। দুই দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে হওয়া সমঝোতার ভিত্তিতেই এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘জাপানে ভারতীয় দলের এই ম্যাচ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে জাপান ও পূর্ব এশিয়ার আরও বড় দর্শকের কাছে ক্রিকেটকে পরিচিত করার সুযোগ তৈরি হবে।’
তিনি বলেন, ক্রিকেটকে প্রচলিত অঞ্চলগুলোর বাইরে ছড়িয়ে দিতে বিসিসিআই প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে, ম্যাচটিকে জাপানের ক্রিকেটের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) প্রধান নির্বাহী নাওকি মিয়াজি।
তিনি বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলকে জাপানের ক্রিকেটের ঘরে আমন্ত্রণ জানাতে পারা আমাদের অ্যাসোসিয়েশনের জন্য একটি মাইলফলক। এই লক্ষ্য পূরণে আমাদের সঙ্গে কাজ করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় ক্রিকেট সমর্থকদের উচ্ছ্বাসকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিপক্ষে মাঠে নামা ২০তম দল হতে যাচ্ছে জাপান। বর্তমানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে জাপানের অবস্থান ৪১তম। ভারত-জাপানের এই ম্যাচকে দেশটিতে ক্রিকেটের প্রসার এবং পূর্ব এশিয়ায় খেলাটির জনপ্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

