স্পোর্টস ডেস্ক:
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ প্রায় দুই দশক ধরে ব্যক্তিগত ও দলীয় সাফল্যের পাশাপাশি তাদের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেছে পুরো ফুটবল বিশ্ব। এবার সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে একই দলের জার্সিতে মাঠে নামানোর স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।
নিজের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতেই এমন পরিকল্পনা করছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানিয়েছেন, মেসি ও রোনালদোকে একই ম্যাচে খেলানোর উদ্যোগ তিনি নিজেই নিতে চান। দুই তারকার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তেভেজের পরিকল্পনা অনুযায়ী, ম্যাচটি আয়োজন করা হতে পারে বুয়েনস এইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে। বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমের কাছ থেকেও এ ধরনের আয়োজনের বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছেন তেভেজ। ডিসেম্বরের ১২, ১৩ অথবা ১৯ তারিখের যেকোনো এক দিন ম্যাচটি আয়োজনের লক্ষ্য রয়েছে।
তবে শুধু মেসি-রোনালদো নয়, নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে পরিচিত হওয়া প্রায় ৬০ জন বিশ্বসেরা ফুটবলারকে বিদায়ী ম্যাচে একত্র করতে চান তেভেজ। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস ও ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা এই আর্জেন্টাইন তারকার পরিকল্পনায় রয়েছে সাবেক সতীর্থ ও প্রতিপক্ষ—দুই পক্ষেরই একঝাঁক তারকা।
তেভেজের সম্ভাব্য তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন এডউইন ভ্যান ডার সার ও জিয়ানলুইজি বুফন। রক্ষণভাগে রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকাদের নাম রয়েছে। মাঝমাঠে আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস ও হুয়ান রোমান রিকুয়েলমের মতো কিংবদন্তিদের দেখা যেতে পারে।
আক্রমণভাগে তেভেজের পরিকল্পনার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই ওয়েন রুনি, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এখন পর্যন্ত তালিকাভুক্ত কোনো খেলোয়াড়ের কাছ থেকেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
তেভেজের ভাবনা অনুযায়ী, এক দলে থাকবেন তার শৈশবের বন্ধু ও ঘনিষ্ঠরা, আর অন্য দলে খেলবেন ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ের সাবেক তারকা সতীর্থরা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ফুটবলপ্রেমীদের সামনে তৈরি হতে পারে বিরল এক দৃশ্য একই ম্যাচে একই জার্সিতে মেসি ও রোনালদো।
দীর্ঘদিন ধরে যাদের দ্বৈরথ ফুটবলবিশ্বকে দুই ভাগে বিভক্ত করেছে, সেই দুই মহাতারকাকে এবার একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা তাই বাড়তি আগ্রহ তৈরি করেছে। শেষ পর্যন্ত তেভেজের এই স্বপ্ন বাস্তবে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

