স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামালের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার স্টিভ ম্যাকম্যানামান। তাঁর মতে, ১৭ বছর বয়সে ইয়ামাল যে মানের ফুটবল খেলছেন, তা লিওনেল মেসি ও মাইকেল ওয়েনের কিশোর বয়সের পারফরম্যান্সকেও ছাড়িয়ে গেছে।
রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক এই উইঙ্গার স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে ইতোমধ্যে বিশ্বমানের তারকা হিসেবে অভিহিত করেন। ম্যাকম্যানামান বলেন, ‘আমার মনে হয়, সে এখনই একজন বৈশ্বিক তারকা। কোনো সন্দেহ ছাড়াই তা বলা যায়। তবে সে আরও উন্নতি করবে। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়।’
ইয়ামালের বয়সী খেলোয়াড়দের মধ্যে তাঁকেই সেরা মনে করেন ম্যাকম্যানামান। তিনি বলেন, ‘১৬ বা ১৭ বছর বয়সী খেলোয়াড় হিসেবে আমরা যে সেরা তরুণ তারকাকে দেখেছি, সে-ই। আমি তাকে ১৭ বছরের মাইকেল ওয়েন কিংবা ১৭-১৮ বছরের মেসির সঙ্গে তুলনা করছি। আমার মতে, লামিন তাঁদের চেয়েও এগিয়ে।’
তবে ইয়ামালের প্রতিভার পাশাপাশি তাঁর ওপর অতিরিক্ত ম্যাচ খেলার চাপ নিয়েও সতর্ক করেছেন সাবেক এই ইংলিশ তারকা। অল্প বয়সে নিয়মিত ম্যাচ খেলার কারণে চোটের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করেন তিনি।
ম্যাকম্যানামান বলেন, ‘আশা করি, সে গুরুতর চোট থেকে দূরে থাকবে। গাবি ও পেদ্রির মতো তরুণ খেলোয়াড়রাও অতিরিক্ত খেলার কারণে বড় চোটে পড়েছিল। খুব অল্প বয়সে দলের মূল খেলোয়াড় হয়ে অতিরিক্ত ম্যাচ খেলা বেশ কঠিন।’
এদিকে বার্সেলোনা থেকে ধারে লিভারপুলে খেলা রোনাল্ড আরাউহোরও প্রশংসা করেছেন ম্যাকম্যানামান। প্রিমিয়ার লিগে এই ডিফেন্ডার দারুণ সফল হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

