স্পোর্টস ডেস্ক:
তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ক্রীড়া প্রতিভাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির জাতীয় পর্যায়ে নির্বাচিত ৩০৬ জন কিশোর-কিশোরীকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আগামী শনিবার থেকে নির্বাচিত ৩০৬ জনকে নিয়ে দুই মাসের নিবিড় প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণ শেষে অসাধারণ প্রতিভাবান ক্রীড়াবিদদের বাছাই করে সরকারি ব্যবস্থাপনায় বিকেএসপিতে ভর্তি, পড়াশোনা ও খেলাধুলার সুযোগ দেওয়া হবে।
গত ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসরে সারাদেশ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার কিশোর-কিশোরী অংশ নেয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রতিভার স্বাক্ষর রাখা ৩০৬ জনকে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে আমিনুল হক বলেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে ভবিষ্যৎ প্রজন্মের পেশা হিসেবে প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায়ের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের কাছে সুযোগ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, কিশোর-কিশোরীদের মাদক, অপরাধ ও অতিরিক্ত ডিভাইসনির্ভরতা থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দেওয়া গেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে উঠে আসা এসব কিশোর-কিশোরীর অনেকের লক্ষ্য এখন জাতীয় দলের জার্সি পরা। সরকারি প্রশিক্ষণ ও বিকেএসপিতে পড়াশোনার সুযোগ তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথ আরও প্রসারিত করতে পারে।

