রাজনীতি ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে মেগা প্রকল্পের মাধ্যমে বড় ধরনের দুর্নীতি ও অর্থ লুটপাটের সুযোগ তৈরি হয়েছিল। বড় প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতি করার সুযোগ থাকে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নগরীর শায়েস্তা খাঁ সড়কের শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করা হয়েছে। মেগা টাকা লুটপাট করা হয়েছে। কারণ মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি করা যায়।’
তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তাঁর ভাষ্য, এই অর্থ দিয়ে পদ্মা সেতুর মতো ১০ থেকে ১২টি সেতু নির্মাণ করা সম্ভব ছিল।
তবে ২০২৪ সালের অর্থনীতিবিষয়ক শ্বেতপত্রে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ২৩৪ বিলিয়ন ডলারের অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
শিবির সভাপতি বলেন, দেশের এমপি-মন্ত্রীদের সন্তানরা দেশে পড়াশোনা করেন না এবং তাঁদের অনেকেই চিকিৎসার জন্য বিদেশে যান। এমপি-মন্ত্রীদের সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার দিনকে দেশের উন্নতির সূচক হিসেবে উল্লেখ করেন তিনি।
দেশে মেধার সংকট নেই উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘আমাদের দেশে মেধার কোনো সমস্যা নেই, সংকটও নেই। সংকট হচ্ছে সততা ও দেশপ্রেমের।’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি আমজাদ হোসাইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

