রাজনীতি ডেস্ক:
গণভোটের গণরায় উপেক্ষা করলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাড্ডা-লিংক রোড এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আলী আহসান জুনায়েদ বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বিএনপি সরকার ‘একলা চলো’ নীতি অনুসরণ করছে। জনগণের গণরায় উপেক্ষা করে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক ও তালবাহানা করা হচ্ছে। গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই।
সরকারের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, সরকার জনগণের অধিকার ক্ষুণ্ণ করছে। মানুষের নিরাপত্তার বিষয়ে সরকারের উদাসীনতা দেখা যাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। গ্যাসের দাম নিয়ে গণশুনানির কথা থাকলেও সরকার তা যথাযথভাবে মূল্যায়ন করছে না। যখন-তখন দাম বাড়িয়ে জনগণের ওপর বাড়তি ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, যে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, সেই সরকারকে এনসিপিও সহযোগিতা করবে না। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ছিল তাঁদের। কিন্তু সরকার গণরায় উপেক্ষা করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশের আগে ও কর্মসূচির অংশ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের লাগামহীন দাম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগের প্রতিবাদে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেন এনসিপির নেতাকর্মীরা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন ও সালেহ উদ্দিন সিফাত, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

