রাজনীতি ডেস্ক:
দেশে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘জাতীয় নারীশক্তি’। সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনটির নেতারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নারী ও শিশু নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে বেড়েছে। পাশাপাশি তরুণদের একটি অংশ মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমন দাবি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের মতে, সাধারণ মানুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ জনমনে উদ্বেগ তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎসহ বিভিন্ন মৌলিক সেবার সংকটেও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রুত এসব সমস্যা সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় দেশজুড়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব শাহরিন ইরা, দলটির কেন্দ্রীয় সদস্য দিলারা খানমসহ জাতীয় নারীশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

