রাজনীতি ডেস্ক:
আন্তর্জাতিক সংকটের মধ্যেও সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপের কারণে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম তেমন বাড়েনি এবং আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলানগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী।
তিনি বলেন, ‘আজকে অনেক সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি যে কর্মসূচি ও রাষ্ট্রীয় দায়িত্ব সুচারুভাবে পালন করছেন, তার মাধ্যমে প্রমাণিত হয়েছে—একজন দেশপ্রেমিক ব্যক্তি ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থকেই সবচেয়ে বড় করে দেখেন।’
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, গ্যাসের বর্তমান সংকট আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।
রিজভী বলেন, ‘এই বিশ্বব্যাপী বৈরী পরিস্থিতি একা কোনো রাষ্ট্রের পক্ষে পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব নয়।’ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে বিকল্প উপায়ে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সংকট মোকাবিলায় সরকার গ্যাস খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিয়েছে বলেও দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও সরকারের নেওয়া এসব পদক্ষেপের কারণে খাদ্যপণ্যের বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়নি। এর সুফল হিসেবে আগস্ট মাসে মূল্যস্ফীতিও কমেছে বলে তিনি মন্তব্য করেন।
সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আন্তর্জাতিক সংকটের প্রভাব মোকাবিলা করে দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

