খুলনা প্রতিনিধি:
যুব সমাবেশ, আলোচনা সভা, গাছের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। এ উপলক্ষে সকালে খুলনার যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবকরাই টেকসই বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তি। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনে যুবসমাজই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। এ জন্য তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরি করা না গেলে দেশের প্রত্যাশিত উন্নয়ন অর্জন কঠিন হবে।
সভায় বক্তারা বিদেশের শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, যুবকদের মতামতকে গুরুত্ব দিয়ে অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন করতে হবে। চেষ্টা, অধ্যবসায় ও ইচ্ছাশক্তি থাকলে জীবনে সাফল্য অর্জন সম্ভব। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ধৈর্য, সহনশীলতা ও বিনয়ী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান। খুলনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৬ জন যুবক ও যুব নারীর মধ্যে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী ২ থেকে ৭ নভেম্বর পর্যন্ত আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে ২ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের হলরুমে রক্তদান কর্মসূচি, ৩ নভেম্বর সকাল ১০টায় রচনা প্রতিযোগিতা এবং ৪ নভেম্বর যুব ভবন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি।
এ ছাড়া ৫ নভেম্বর সকাল ১০টায় যুব ভবনের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, ৬ নভেম্বর সকাল ১০টায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ক্রীড়া অনুষ্ঠান এবং ৭ নভেম্বর সকাল ১০টায় যুব ভবন অডিটোরিয়ামে ‘মাদক নিয়ন্ত্রণে যুবসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

