স্পোর্টস ডেস্ক:
আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এপিএল কর্তৃপক্ষ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এপিএলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাসকিনকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়। একই তথ্য নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও।
প্রথমবারের মতো আয়োজিত এপিএলের খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নিতে এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা পাঁচশর বেশি।
আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। ওই ড্রাফটের মাধ্যমেই তাসকিন আহমেদ কোনো ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পাচ্ছেন কি না, তা চূড়ান্ত হবে। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দলের সঙ্গে বাংলাদেশের এই পেসারের নাম যুক্ত হয়নি।
এপিএলে দল পেলে এটি হবে তাসকিনের আরও একটি বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা। এর আগে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), জিম্বাবুয়ে-আফ্রো টি-টেন এবং আবুধাবি টি-টেন লিগে খেলেছেন।

