স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমসে অবিশ্বাস্য কীর্তি গড়েছে জাপানের ১১ বছর বয়সী ইউকি কুরিহারা। নিজের চেয়ে দ্বিগুণেরও বেশি বয়সী প্রতিপক্ষদের হারিয়ে ‘পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস’ ইভেন্টে সোনা জিতেছে এই খুদে অ্যাথলেট।
এই জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসের ইতিহাসে জাপানের সর্বকনিষ্ঠ সোনাজয়ী অ্যাথলেট হওয়ার রেকর্ড গড়েছে ইউকি। ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী কাং দংশিনকে ১০-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে সে।
ফাইনালের আগে সেমিফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখায় ইউকি। সেখানে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুনকে ১০-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ১১ বছর বয়সী এই প্রতিযোগী।
তবে সোনা জয়ের পর ইউকির উদ্যাপন ছিল বেশ শান্ত। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সে জানায়, সবার সামনে কিছুটা লজ্জা পাওয়ার কারণেই নিজের আনন্দ ঠিকভাবে প্রকাশ করতে পারেনি। তবে চকচকে ও ভারী সোনার পদক এবং আয়োজকদের দেওয়া সোনালি প্লাশ খেলনা পেয়ে সে দারুণ খুশি।
১৯৫১ সালে এশিয়ান গেমস শুরুর পর ইউকির এই অর্জন নতুন এক নজির তৈরি করেছে। গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ীদের কোনো সর্বজনীনভাবে স্বীকৃত পূর্ণাঙ্গ তালিকা না থাকলেও, ২০১৮ সালের এশিয়ান গেমসে ইন্দোনেশিয়ার বুঙ্গা নিইমাস ১২ বছর বয়সে নারীদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।
এশিয়ান গেমসের সর্বশেষ দুটি আসরে ই-স্পোর্টস অন্তর্ভুক্ত ছিল। এবারের আসরে মোট ১১টি পদক ইভেন্টের মধ্যে ‘পুয়ো পুয়ো’ অন্যতম।

