স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমসে মালয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। অসুস্থতার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিওথেরাপিস্ট ও স্থানীয় মেডিকেল টিমের যৌথ পরীক্ষা-নিরীক্ষার পর শান্তকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে সোমবার দেশে ফিরবেন তিনি।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চার দিন ধরে জ্বরে ভুগছেন শান্ত। এখনো পুরোপুরি জ্বরমুক্ত হননি তিনি। পরীক্ষায় তার শরীরে লো-গ্রেড ফিভারের পাশাপাশি সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
অসুস্থতার কারণে শান্ত শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন। ফলে এশিয়ান গেমসে খেলার সময়ের মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই বলে জানিয়েছে মেডিকেল টিম। এ কারণে তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আগামীকাল নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। ২০২৩ সালের এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে ২ রানে হারিয়েছিল বাংলাদেশ।

