ন্যাশনাল ডেস্ক
তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে দেশের রপ্তানি বাণিজ্য ও উৎপাদন ব্যাহত করার ষড়যন্ত্র চলছে। এ ধরনের অপতৎপরতা সরকার কঠোর হাতে মোকাবিলা করবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা অনুপ্রবেশ করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ বিষয়ে সরকারের কাছে বিভিন্ন তথ্য রয়েছে। সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি বলেন, নিরীহ পোশাকশ্রমিকদের ব্যবহার করে সীমান্তের ওপার থেকে কেউ কেউ ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়। এর মাধ্যমে দেশের রপ্তানি বাণিজ্য ও পোশাকশিল্পের উৎপাদন ব্যাহত করার চেষ্টা চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকবে।
তিনি বলেন, সরকার দেশে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও অগ্রগতি বজায় রাখতে চায়। বাংলাদেশের পোশাকশিল্পের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পের আরও উন্নয়ন এবং দেশের রপ্তানি খাতকে সমৃদ্ধ করাই সরকারের লক্ষ্য।

