নাটোর প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়নের ধারায় বর্তমান সরকার যুবসমাজকে ব্যাপকভাবে সম্পৃক্ত করেছে। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, যুবসমাজ যেকোনো দেশের প্রাণশক্তি। তাই তরুণদের মাদক, নেশা ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে। একটি দেশের যুবসমাজ মাদক ও সন্ত্রাসমুক্ত থাকলে সেই দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। একটি মহল দেশের যুবসমাজকে ধ্বংস করতে বিভিন্ন ধরনের মাদক পাচার করছে। এ বিষয়ে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।
রোববার (২ নভেম্বর) নাটোরে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।
নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে যুব মেলার আয়োজন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

