আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিরুদ্ধে আপাতত সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। দেশটিতে রোববার কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলা হবে কি না, সে বিষয়ে সরাসরি উত্তর দিতে চান কি না, তা নিয়ে প্রশ্ন থাকলেও তাঁর উত্তর—না, কোনো হামলা হবে না।
এর আগে রোববার দিনের প্রথম ভাগে ইরানকে আলটিমেটাম দেন ট্রাম্প। তাঁর ওই বক্তব্যে একই দিনে ইরানে হামলার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি করা হবে, নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে এটাই এখন একমাত্র প্রশ্ন।
এদিকে পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো অথবা দেশটির সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরান সম্ভাব্য কোনো প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরে জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা শেষ পর্যন্ত স্থায়ী হয়নি।
এমন পরিস্থিতিতে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। তাঁর এ অবস্থান দুই দেশের মধ্যকার উত্তেজনা প্রশমনে কোনো ভূমিকা রাখে কি না, এখন সেটিই দেখার বিষয়।

