বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ ● ভারতীয় ইলিশকে দেশীয় বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা
খেলাধুলা

দেশ ও ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থেই ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়: আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক:

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল না পাঠানোর সিদ্ধান্তের দীর্ঘ সময় পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত করে তা প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। একই সঙ্গে ওই সময়ে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে সঠিক দাবি করে তিনি বলেছেন, দেশের মর্যাদা ও ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল। তিনি জানান, ভারতে বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তারই নেওয়া এবং এ বিষয়ে তিনি একাধিকবার প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন।

ঘটনার পটভূমি তুলে ধরে আসিফ নজরুল বলেন, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়ার পর পরিস্থিতির সূত্রপাত হয়। এরপর নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনীহা প্রকাশ করে।

তার দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম দিকের একটি রিপোর্টেও ভারতের নিরাপত্তা-সংক্রান্ত আশঙ্কার বিষয়টি উঠে এসেছিল। ওই প্রতিবেদনে মুস্তাফিজুর রহমানের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশে আসন্ন নির্বাচন এই তিনটি বিষয়কে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হয় বলে জানান তিনি।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশ শেষ পর্যন্ত বিকল্প কোনো ভেন্যুতে বিশ্বকাপ আয়োজন বা খেলার জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছিল। কয়েকটি দেশও এ উদ্যোগে সমর্থন জানিয়েছিল। তবে আইসিসিতে ভারতীয়দের প্রভাবের কারণে সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে জানান আসিফ নজরুল। এগুলো হলো দেশের মর্যাদা রক্ষা, ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।

তৎকালীন সময়ে বিশ্বকাপে অংশ না নিলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজসহ বিভিন্ন ক্রিকেটীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কা ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে দাবি করেন আসিফ নজরুল।

ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সমমর্যাদার নীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশ ছোট দেশ হওয়ায় কেউ ইচ্ছেমতো অপমান করবে এবং বাংলাদেশ তা মেনে নেবে এমন প্রত্যাশা করা ঠিক নয়। তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে, মাথা নত করে সবকিছু মেনে নেওয়ার পক্ষে নন বলেও মন্তব্য করেন।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493