রবিবার, ১ নভেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনাকে পরিচ্ছন্ন, যানজট ও দখলমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই: নজরুল ইসলাম মঞ্জু ● খুলনার লবণচরায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত ● প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থাপিত তোরণ-ব্যানার অপসারণের নির্দেশ খুলনা বিএনপির ● টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ধাপ পিছিয়ে বাংলাদেশ ● যেকোনো হুমকির জবাবে তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ খামেনির
খেলাধুলা

দেশের ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক:

দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। বুধবার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ধানমন্ডি ক্রিকেট মাঠ ও ধানমন্ডি মাঠের সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের উপস্থিত ছিলেন।

আমিনুল হক বলেন, জেলা পর্যায়ে ক্রীড়া অফিসার থাকলেও উপজেলা পর্যায়ে এতদিন এ ধরনের কোনো পদ বা প্রয়োজনীয় জনবল ছিল না। দায়িত্ব নেওয়ার পর নির্বাচনি ইশতেহার অনুযায়ী উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিসারের পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার অর্থ বিভাগ দেশের ৪৯৫টি উপজেলার জন্য ক্রীড়া অফিসারের পদ সৃজনের অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগের সুফল পেতে কিছুটা সময় লাগবে। আগামী দুই, তিন কিংবা পাঁচ বছর পর এর বাস্তব চিত্র আরও স্পষ্ট হবে।

৪ হাজার ৫৯৯ ইউনিয়নে ১০ খেলায় দল

তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দিতে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ১০টি খেলায় দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ কার্যক্রমে ইতোমধ্যে প্রায় ১৫ লাখ অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

আমিনুল হক বলেন, দ্বিতীয় আসরের জন্য ১৪ লাখ খেলোয়াড় প্রয়োজন ছিল। নিবন্ধনের সময় আরও কয়েক দিন থাকায় এ সংখ্যা প্রায় ২০ লাখে পৌঁছাতে পারে। নিবন্ধন শেষে যাচাই-বাছাই করে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে ফুটবল, ক্রিকেটসহ ১০টি ইভেন্টে দল গঠন করা হবে।

খেলার মাঠ রক্ষায় ছাড় নয়

রামপুরায় খেলার মাঠ দখলের ঘটনা সরকারের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দেশের কোথাও খেলার মাঠ দখল বা এ ধরনের কোনো ঘটনা নজরে এলে সরকারকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলার মাঠ রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ঢাকার প্রাণকেন্দ্রে ধানমন্ডি মাঠের মতো গুরুত্বপূর্ণ মাঠগুলো যথাযথভাবে ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি। বিদ্যমান অবকাঠামো অক্ষুণ্ন রেখে সেখানে প্রয়োজনীয় নতুন কিছু সংযোজনের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আবাহনী ও ধানমন্ডি ক্লাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগের প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এসব ক্লাব নিয়ে তরুণদের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। আবাহনী, ধানমন্ডি ও মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোকে রাজনৈতিক প্রভাবের বাইরে রেখে টিকিয়ে রাখা প্রয়োজন।

আবাহনী মাঠ পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ক্লাবের সঙ্গে যুক্ত নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে ক্লাব পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ঐতিহ্যবাহী ক্লাবগুলো যাতে রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ তৈরির পরিকল্পনা

দেশের ১৩টি সিটি করপোরেশন এবং প্রতিটি জেলা পর্যায়ে ফুটসাল গ্রাউন্ড তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান আমিনুল হক। এ বিষয়ে সিটি করপোরেশনগুলোকে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক প্রশাসক ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিপিপি জমা দিয়েছেন বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে ফুটসাল গ্রাউন্ড তৈরি করা।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, খেলোয়াড়দের ক্রীড়া ভাতা দেওয়ার পাশাপাশি তাদের পেশাগত স্বীকৃতি দেওয়ার উদ্যোগও রয়েছে। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ভাতার আওতায় আনার ফলে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের মধ্যেও উৎসাহ তৈরি হচ্ছে।

খেলোয়াড়দের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ ছাড়া ক্রীড়া খাতে নতুন করে বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5581