স্পোর্টস ডেস্ক:
এশিয়ান গেমসে আগামীকাল সোমবার ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ। একদিনেই নয়টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। কাবাডি, শুটিং, উশু, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, কারাতে, ব্যাডমিন্টন, ফুটবল ও হকিতে রয়েছে বাংলাদেশের ইভেন্ট। এর মধ্যে কাবাডিতে তিনটি এবং টেবিল টেনিসে তিনটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ।
দিনের শুরুতেই শুটিংয়ে মাঠে নামবেন মো. রবিউল ইসলাম, অর্নব শাহরার ও মো. রাব্বি হাসান মুন্না। সকাল ৯টা ৪৫ মিনিটে এয়ার রাইফেলের ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে লড়াই করবেন তারা। একই সময়ে পুরুষদের জিমন্যাস্টিকসের বাছাইপর্বে অংশ নেবেন রাজিব চাকমা।
উশুতে পুরুষদের তাইজিচুয়ানে বিপ্লব রুদ্রের দুটি ধাপ রয়েছে। সকাল ৯টা ৫৩ মিনিট ও দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে তার ইভেন্ট। সন্ধ্যা সাড়ে ৬টায় নারীদের ৬০ কেজি ওজন শ্রেণিতে ভারতের প্রতিপক্ষের বিপক্ষে লড়বেন মোসা. শিকা খাতুন।
কাবাডিতে সকাল সাড়ে ৯টায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশের পুরুষ দল। সন্ধ্যা সাড়ে ৬টায় পুরুষদের আরেক ম্যাচে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ৭টা ৪৫ মিনিটে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী কাবাডি দল।
টেবিল টেনিসে সকাল ১০টায় পাকিস্তানের বিপক্ষে নারী দলগত ইভেন্টে খেলবেন সোনাম সুলতানা সোমা, সামান্তা হোসাইন তুশি ও নওরিন সুলতানা মাহি। সন্ধ্যা সাড়ে ৬টায় পাকিস্তানের বিপক্ষে নারী দ্বৈতে অংশ নেবেন তুশি ও নওরিন। রাত ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে পুরুষ দলগত ইভেন্টে খেলবেন মোহুতাসিন আহমেদ হৃদয়, রামহিমিলান বম ও ইমরুল কায়েস ইমন।
কারাতে দুপুর ১২টা ৪০ মিনিটে নারীদের ৬১ কেজি কুমিতে কাজাখস্তানের বিপক্ষে লড়বেন হুমায়রা আক্তার অন্তরা। এর ৩০ মিনিট পর, দুপুর ১টা ১০ মিনিটে পুরুষদের ৬৭ কেজি কুমিতে কাতারের প্রতিপক্ষের মুখোমুখি হবেন মো. মনিরুল ইসলাম।
বিকেল ৩টায় ব্যাডমিন্টনের পুরুষ দলগত ইভেন্টে ভারতের বিপক্ষে খেলবেন আয়মান ইবনে জামান, আল আমিন জুমার, মোয়াজ্জেম হোসাইন ওহিদুল ও গৌরব সিংহ।
ফুটবলে বিকেল ৪টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের নারী দল। আর দিন শেষ হবে হকিতে বাংলাদেশের নারী দলের ম্যাচ দিয়ে। সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার বিপক্ষে খেলবে তারা।
সব মিলিয়ে সোমবার বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য থাকবে ব্যস্ত সূচি। নয়টি ডিসিপ্লিনে একসঙ্গে লড়াইয়ে নামার দিনে প্রতিটি ইভেন্টেই নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের খেলোয়াড়দের।

