স্পোর্টস ডেস্ক:
টম ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, হ্যারি ব্রুকের কার্যকর ইনিংস এবং জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। লন্ডনের ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।
ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বেন ডাকেটকে হারায় ইংল্যান্ড। এরপর জো রুটকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন টম ব্যান্টন। রুট ১৮ রানে বিদায় নিলেও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন ব্যান্টন।
তৃতীয় উইকেটে হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে ১৫০ রানের জুটি গড়েন ব্যান্টন। ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রানের দারুণ ইনিংস খেলেন ব্যান্টন। তার ইনিংসে ছিল ১৬টি চার ও পাঁচটি ছক্কা। ব্রুক করেন ৭৭ রান।
শেষ দিকে জর্ডান কক্সের ৭৬ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।
জবাবে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৯.১ ওভারে মাত্র ১৩২ রানে অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস।
ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৬ রানে তিনটি এবং গাস অ্যাটকিনসন ২৬ রানে দুটি উইকেট নেন। ফলে ২২৩ রানের বড় জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

