স্পোর্টস ডেস্ক
এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি) ৫ উইকেটে হারিয়েছে সোনারগাঁও ইউনিভার্সিটি। আলাউদ্দিন মোনার ঝড়ো অর্ধশতকে ১১৮ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৩ ওভারেই জয় নিশ্চিত করে দলটি। হাতে ছিল ৭ ওভার।
আজ এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
টসের পর ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে এআইইউবি। ৭ ওভারে ৩১ রান তুলতেই চার উইকেট হারায় তারা। এরপর পঞ্চম উইকেটে আজমীর ও মুস্তাহিদ ৩৯ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটি ভাঙার পর আবারও চাপে পড়ে এআইইউবি।
শেষ দিকে লিওনের অপরাজিত ৩১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ইনিংসে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে এআইইউবি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন তিন নম্বরে ব্যাট করতে নামা আজমীর।
সোনারগাঁও ইউনিভার্সিটির হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আসিফ। ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। জীবন ২৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সোনারগাঁও ইউনিভার্সিটি। দলীয় ১ রানে নোমানের বলে আউট হন ওপেনার হাবিবুর শেখ মুন্না। এরপর মোশাররফ মুলার ও মোহাম্মদ ফাইয়াজ দ্রুত ফিরে গেলে ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।
তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ চালান আলাউদ্দিন মোনা। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সোনারগাঁও। তামিম ৮ বলে ১৬ রান করে লিওনের শিকার হলেও অবিচল ছিলেন মোনা। পরে ফাহিমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ফাহিম ১৩ বলে ১৬ রান করে নোমানের দ্বিতীয় শিকার হন।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৪৪ বলে ৬৩ রান করেন মোনা। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও পাঁচটি ছক্কা। এআইইউবির হয়ে নোমান নেন ২ উইকেট। আরাফাত ও লিওন পান একটি করে উইকেট।
আলাউদ্দিন মোনার ঝড়ো ইনিংসে ভর করে উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল সোনারগাঁও ইউনিভার্সিটি।

