বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খেলাধুলা

নিজ শহরে ছুটিতে গিয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ব্রাজিলিয়ান ফুটবলার ফিলিপে দিয়োগো

স্পোর্টস ডেস্ক:

ব্রাজিলের উদীয়মান ফুটবলার ফিলিপে দিয়োগোর জীবন থেমে গেল মাত্র ২১ বছর বয়সে। ছুটি কাটাতে নিজ শহর সাঁও পাওলো অঙ্গরাজ্যের রিবেইরাও প্রেতোতে ফিরে যাওয়ার পর সশস্ত্র হামলাকারীর গুলিতে নিহত হন এই তরুণ ফরোয়ার্ড।

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রাজিলিয়ান ফুটবল অঙ্গনে। ব্রাজিলের তৃতীয় স্তরের লিগ সেরি সি-এর ক্লাব সাঁও বের্নার্দো এফসির হয়ে খেলতেন দিয়োগো। ফুটবলপ্রেমীদের কাছে তিনি বেশি পরিচিত ছিলেন ‘ফাভেলা’ নামে। ক্যারিয়ারের শুরুতে দেশের ঐতিহ্যবাহী দুই ক্লাব ক্রুজেইরো ও বোতাফোগোর একাডেমিতে নিজেকে গড়ে তোলার পর সাঁও বের্নার্দোতে যোগ দিয়ে দ্রুতই নজর কেড়েছিলেন এই প্রতিভাবান ফরোয়ার্ড।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার নিজ শহরের একটি সড়কে অজ্ঞাত বন্দুকধারীর হামলার শিকার হন দিয়োগো। হামলাকারীর ছোড়া একাধিক গুলির মধ্যে অন্তত ১০টি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিমিওনি ইমার্জেন্সি কেয়ার ইউনিটে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের তথ্যও প্রকাশ করা হয়নি।

দিয়োগোর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব সাঁও বের্নার্দো এফসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ক্লাবটি জানায়, তাদের ফুটবলার ফিলিপে দিয়োগো বের্নার্দেস ফেরেইরার অকাল প্রয়াণে তারা গভীরভাবে মর্মাহত। একই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাদের শক্তি ও ধৈর্য কামনা করা হয়।

শুধু ক্লাবই নয়, দিয়োগোর শৈশবের দল ভিলা ভার্জিনিয়াও আবেগঘন বার্তায় তাকে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, দিয়োগোর বিদায় এমন এক শূন্যতার সৃষ্টি করেছে, যা মাঠে তার প্রতিভা উপভোগ করা এবং ব্যক্তিগতভাবে তাকে চেনা সবার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। তারা তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতিও সমবেদনা জানিয়েছে।

গত মৌসুমে সাঁও বের্নার্দোতে যোগ দিয়েই দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দিয়োগো। তার পারফরম্যান্সে ভর করেই ক্লাবটি প্রমোশন অর্জন করে। সাঁও বের্নার্দোর জার্সিতে মোট ১৮টি ম্যাচ খেলেন তিনি, যেখানে করেন ৪টি গোল। চলতি মৌসুমেও পাঁচটি ম্যাচে মাঠে নেমেছিলেন এই তরুণ ফুটবলার।

ফুটবল ক্যারিয়ারের শুরুতেই যে প্রতিভার ঝলক দেখিয়েছিলেন ফিলিপে দিয়োগো, তা অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল সমর্থকদের।

কিন্তু বন্দুকের গুলিতে সেই সম্ভাবনাময় পথ অকালে থেমে গেল। ব্রাজিলিয়ান ফুটবল হারাল আরেক তরুণ প্রতিভাকে, যার অপূর্ণ স্বপ্ন এখন শুধুই স্মৃতির অংশ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493