স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে চার দিনের দুটি ম্যাচ ও ৫০ ওভারের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন।
সফরের শুরুতেই লাল বলের ক্রিকেটে মাঠে নামবে দুই দল। আগামী ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় অনুষ্ঠিত হবে প্রথম চার দিনের ম্যাচ। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেস্ট্রুমে হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায়।
লাল বলের লড়াই শেষে ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হবে দল দুটি। ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে হবে সিরিজের প্রথম ৫০ ওভারের ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং সিরিজের শেষ ম্যাচটি ১২ সেপ্টেম্বর পচেস্ট্রুমে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।
এই সফরটি বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে নিজেদের মানিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতি আরও শক্ত করার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চার দিনের ম্যাচের পর ওয়ানডে সিরিজ থাকায় ক্রিকেটারদের সামনে ভিন্ন দুই ফরম্যাটে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকছে।

