রাজনীতি ডেস্ক:
স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যুর পর মানবিক বিবেচনায় কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে এক দিনের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।
বুধবার (১৯ আগস্ট) স্বামীর মৃত্যুর কথা উল্লেখ করে পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক দীপু মনির প্যারোল মঞ্জুর করেন।
পরিবারের পক্ষ থেকে আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জেলা প্রশাসকের কাছে আবেদনটি জমা দেন। আবেদন করার আগে দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে মায়ের সঙ্গে আলোচনা শেষে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদন করা হয়।
এ সময় দীপু মনির পরিবারের তিন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।
আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, স্বামীর মৃত্যুর বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক কারণে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসনের অনুমোদনের পর কারা কর্তৃপক্ষ তাকে নির্ধারিত সময়ের জন্য মুক্তি দেওয়ার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন তিনি।
জেলা প্রশাসনের অনুমোদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় কারাগার থেকে বের হয়ে স্বামীর জানাজা ও দাফনসহ পারিবারিক ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন দীপু মনি। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফেরত নেওয়া হবে।

