নিজস্ব প্রতিবেদক খুলনা:
খুলনার তেরখাদায় মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির পাশাপাশি এবার মাঠে নেমেছেন স্থানীয় তরুণেরা। তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী কর্মসূচির দ্বিতীয় দিনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে তেরখাদা পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আল আমিন নামের এক যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা।
জয়সেনা বাজার বণিক সমিতির সেক্রেটারি শেখ সোহেল তাজেরনেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও থানা ছাত্রদলের সদস্য মো. মিদুল বিশ্বাস, তেরখাদা উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. জাবের আলী, কোষাধ্যক্ষ আল আমিন শেখসহ স্থানীয় যুবকেরা অংশ নেন।
অভিযানসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মাদকের বিস্তার রোধের পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের মতে, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়; পরিবার ও সমাজের মানুষকেও এ কাজে যুক্ত হতে হবে।
তেরখাদা পশ্চিমপাড়া যুব সংঘের সদস্যরা জানান, মাদকবিরোধী এ কার্যক্রম এক দিনের জন্য নয়। তরুণদের মধ্যে সচেতনতা তৈরি এবং এলাকায় মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
অভিযান শেষে আটক যুবককে উদ্ধার করা মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ তেরখাদা থানায় নেওয়া হয়।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি যাচাই করা হচ্ছে। উদ্ধার করা আলামত পরীক্ষা ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষ ও তরুণেরা সচেতন হয়ে এগিয়ে এলে মাদক নিয়ন্ত্রণের কাজ আরও কার্যকর হবে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকার তরুণেরা নিজেরাই মাদকের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ায় বিষয়টি ইতিবাচক বার্তা দিচ্ছে। তাঁদের প্রত্যাশা, এ ধরনের সামাজিক উদ্যোগের পাশাপাশি প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযানও অব্যাহত থাকবে।

