খুলনা প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে যুক্ত করতে খুলনায় ৮ দলীয় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখার খালিশপুর পূর্ব সাংগঠনিক থানা।
সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টায় নগরীর খালিশপুর ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত হয়। খালিশপুর পূর্ব সাংগঠনিক থানার বিভিন্ন ওয়ার্ডের আটটি দল অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়।
সমাপনী অনুষ্ঠানে খালিশপুর পূর্ব সাংগঠনিক থানার সভাপতি মো. মহিউদ্দিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি রাকিব হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রশিবিরের প্রচার ও এইচআরডি সম্পাদক বেলাল হোসেন।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন খালিশপুর পূর্ব সাংগঠনিক থানা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক শাহেদ ফারহান।
সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও ক্রেস্ট তুলে দেন। এ সময় খেলোয়াড় ও আয়োজকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিযোগিতাকে ঘিরে সপ্তাহজুড়ে স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অংশগ্রহণকারী দলগুলোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খালিশপুর ইউনিয়ন মাঠে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবের আমেজ।

