এস এম মহিউজ্জামান ( শামীম)
খুলনায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। সরকারি হাসপাতালের পাশাপাশি নগরীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট।
কোথাও কাঙ্ক্ষিত শয্যা মিলছে না, আবার কোথাও অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। ফলে অসুস্থ স্বজনকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মানুষ।
গত কয়েক দিনে খুলনার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।
শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি হাসপাতালগুলোতেও এখন শয্যা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুর জন্য পৃথক ইউনিট চালু করেও পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। ফলে রোগীর পাশাপাশি স্বজনদের মধ্যেও তৈরি হচ্ছে উদ্বেগ ও উৎকণ্ঠা। বিশেষ করে রাত-বিরাতে শয্যার সন্ধানে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে বেড়ানো অনেক পরিবারের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে চরম দুর্ভোগের।
অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আরও উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা ও মেঝেতেও রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।
ডেঙ্গুতে আক্রান্তদের জন্য পর্যাপ্ত শয্যা, চিকিৎসক ও নার্সের ব্যবস্থা করার পাশাপাশি হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত চিকিৎসা ইউনিট চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নগরীতে মশক নিধন কার্যক্রম আরও কার্যকর ও নিয়মিত করার আহ্বানও উঠেছে।
ডেঙ্গুর ভয়াবহতা শুধু হাসপাতালের শয্যা সংকটেই সীমাবদ্ধ নয় এখন এটি খুলনাবাসীর ঘরে ঘরে আতঙ্ক, আর হাসপাতালমুখী মানুষের জন্য এক কঠিন বাস্তবতা।

