বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

খুলনা প্রেস ক্লাবে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

আরও দায়িত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও জেন্ডার-সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ‘সংবেদনশীল গণমাধ্যম: সংলাপ ও করণীয়’ শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক সংবাদ পরিবেশন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের আওতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেস ক্লাব যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার, সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মো. ওমর ফারুক।

সংলাপটি পরিচালনা করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর অধ্যয়ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।

খুলনা প্রেস ক্লাবের সভাপতি মো. মোস্তফা সরওয়ার বলেন, গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সংবাদে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর উপস্থাপনায় গণমাধ্যমকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম বলেন, বিশেষ করে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এ ধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা পর্যালোচনা এবং আরও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে।

সমাপনী বক্তব্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ মোকাবিলায় এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা, বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হবে।

তিনি বলেন, “আমরা চাই, এ সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন পেশাগত চর্চায় বাস্তব পরিবর্তন আনুক।”

পিআইবির অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন বলেন, জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতারই অংশ। উৎস নির্বাচন, ভাষার ব্যবহার, ছবি নির্বাচন এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তে সংবেদনশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া পেশাজীবী অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. হুসাইন শাকির, মিডিয়া স্পেশালিস্ট সাইয়্যেদ মো. তাফহীম এবং জেন্ডার স্পেশালিস্ট ফারজানা রুপা।

উল্লেখ্য, ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত চার বছর মেয়াদি একটি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো গণমাধ্যম প্রতিষ্ঠান ও পেশাজীবীদের জেন্ডার-সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493