খুলনা প্রতিনিধি:
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ আগস্ট খুলনা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা ও বেসরকারি সংস্থা নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
এ ছাড়া জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটির সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, কর্ম ও শিক্ষা নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে।
অনুষ্ঠানগুলোতে ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি কেরাত, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
শিশুদের জন্য হামদ-নাত, মহানবী (সা.)-এর জীবন ও কর্মভিত্তিক কবিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
এদিকে, দিবসটি উপলক্ষে জেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে।
এরই অংশ হিসেবে আগামীকাল বিকেল ৫টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

