বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
খুলনা বিভাগ

ডেঙ্গু সংক্রমণ রোধে খুলনা বিএনপির রোডম্যাপ ঘোষণা

খুলনা ব্যুরো:

খুলনা মহানগরে আশঙ্কাজনক হারে বাড়তে থাকা ডেঙ্গু সংক্রমণ মোকাবিলা এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুটি বিশেষ মানবিক উদ্যোগ ও একটি সমন্বিত রোডম্যাপ ঘোষণা করেছে খুলনা মহানগর বিএনপি। এর মধ্যে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসাসেবায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিভিন্ন এলাকায় সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরেন মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, খুলনা মহানগরের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থাকা সত্ত্বেও হঠাৎ ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক ও পরামর্শসেবার ঘাটতি, চিকিৎসাসেবা পেতে বিলম্ব এবং ল্যাব টেস্ট নিয়ে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিশেষ করে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল নিম্নআয়ের মানুষের জন্য এ পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে।

এই সংকট মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে নগরবাসীর পাশে দাঁড়াতে দুটি পৃথক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

প্রথম উদ্যোগের আওতায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য ফগার মেশিন, প্রয়োজনীয় সরঞ্জাম এবং ওষুধ ও কীটনাশক সরবরাহ করা হবে। পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে জলাভূমি পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ এবং ডেঙ্গুর বিস্তার রোধে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। স্থানীয় স্কুল-কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যৌথ সহযোগিতায় রক্তের গ্রুপ ম্যাচিং, ডায়াগনস্টিক সাপোর্ট, রক্ত সংগ্রহ এবং সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়।

দ্বিতীয় উদ্যোগের আওতায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রত্যক্ষ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। জরুরি প্রয়োজনে রোগীদের বাড়িতে চিকিৎসকের পরামর্শ পৌঁছে দেওয়া, রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী ওষুধ সরবরাহ এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় কমপক্ষে একটি করে ৫০ শয্যার কেন্দ্রীয় সেবাকেন্দ্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়। এছাড়া জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় বড় ওয়ার্ডগুলোতে ২০ শয্যার এবং ছোট দুটি ওয়ার্ডের জন্য সমন্বিতভাবে সমমানের সেবাকেন্দ্র প্রস্তুত করা হবে।

প্রতিটি সেবাকেন্দ্রে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং রক্তের গ্রুপ ম্যাচিংয়ের সুবিধা থাকবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন নম্বর টাঙানো হবে এবং স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

এসব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে একটি পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিক্যাল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু। আর ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন মো. মাসুদ পারভেজ বাবু।

সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এমপিকে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সদস্য সচিবের দায়িত্বে থাকবেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ। কমিটিতে বিভিন্ন থানা ও স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে রয়েছেন সদর থানার কে এম হুমায়ুন কবির, সোনাডাঙ্গার হাফিজুর রহমান মনি, দৌলতপুরের মুর্শিদ কামাল, খালিশপুরের অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু এবং খানজাহান আলীর কাজী মিজানুর রহমান।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম মনা বলেন, অতীতেও বিভিন্ন মানবিক সংকটে খুলনা মহানগর বিএনপি নগরবাসীর পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, করোনাকালেও সংগঠনটি চিকিৎসাসেবা, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, খাদ্য সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছিল।

তিনি আরও বলেন, দলীয় ভেদাভেদ ভুলে যেকোনো মানবিক সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে সেবা নিশ্চিত করতে খুলনা মহানগর বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, ডা. রফিকুল ইসলাম বাবলু, ডা. মোস্তফা কামাল, ডা. এস এম আক্তারুজ্জামান, ডা. হাফিজ, ডা. মশিউর রহমান, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, কে এম হুমায়ুন কবির, হাফিজুর রহমান মনি, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মিজানুর রহমান মিলটন, রকিবুল ইসলাম মতি, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, আক্তারুজ্জামান তালুকদার সজিব, ইস্তিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিনসহ বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ড্যাবের নেতৃবৃন্দ।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493