বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
রাজনীতি

চূড়ান্ত পর্যায়ে ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় আমান-জিসান-হামিম

বিশেষ প্রতিবেদক

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া। মেধা, সাংগঠনিক দক্ষতা এবং বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা—বিশেষ করে জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় ও পরীক্ষিত ভূমিকা বিবেচনায় নিয়ে নতুন নেতৃত্ব বাছাই করছে বিএনপির হাইকমান্ড। এখন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে প্রক্রিয়াটি। আসন্ন কমিটিতে শেষ সময়ে এসে শীর্ষ পদগুলোর জন্য সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তিন ছাত্রনেতা—মো. আমানউল্লাহ আমান, মমিনুল ইসলাম জিসান ও শেখ তানভীর বারী হামিম। মাঠপর্যায়ের রাজনীতি ও দীর্ঘদিনের ত্যাগের বিবেচনায় সভাপতি পদে মো. আমানউল্লাহ আমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং বর্তমানে কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজপথে তার সক্রিয় ভূমিকা ছিল। সাধারণ শিক্ষার্থীদের সংগঠিত করতে তার ভূমিকা এবং আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ তাকে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের অন্যতম দাবিদার হিসেবে আলোচনায় এনেছে।

সভাপতি পদের দৌড়ে মমিনুল ইসলাম জিসানের নামও রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ওয়ার্ড পর্যায় থেকে ছাত্ররাজনীতিতে যুক্ত হয়ে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরে কেন্দ্রীয় ছাত্রদলে সক্রিয় হন জিসান। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার পাশাপাশি রাজনৈতিক কারণে কারাবরণ ও পুলিশি নির্যাতনের শিকার হওয়ার কথাও তার রাজনৈতিক পরিচিতির অংশ। তার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও একসময় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছিল।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শেখ তানভীর বারী হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন তিনি।

জুলাইয়ের গণঅভ্যুত্থানেও হামিমের ভূমিকা ছিল দৃশ্যমান। আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় থেকে শিক্ষার্থীদের সংগঠিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেন তিনি। তৃণমূল থেকে উঠে আসা এই ছাত্রনেতা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় বলে দলীয় সূত্রে দাবি করা হচ্ছে।

সভাপতি পদে আমান ও জিসানের পাশাপাশি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম, এজাজুল কবির রুয়েল, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, কাজী জিয়া উদ্দিন বাসিত ও যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মোহাম্মদ আদনানের নামও রয়েছে আলোচনায়।

সাধারণ সম্পাদক পদে হামিমের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও মাসুম বিল্লাহর নামও শোনা যাচ্ছে।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, শামীম আখতার শুভ, গাজী সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিল ও তারেক হাসান মামুনের নামও সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছে।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় নতুন কমিটি গঠনে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ভূমিকা, শিক্ষার্থীবান্ধব ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন কমিটি ঘিরে সারাদেশের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই আন্দোলনে যারা রাজপথে সক্রিয় ও সাহসী ভূমিকা রেখেছেন, সেই পরীক্ষিত ও ত্যাগী নেতারাই ছাত্রদলের নেতৃত্বে আসবেন। দলীয় সূত্রের দাবি, সব প্রক্রিয়া শেষ করে খুব শিগগিরই নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এরই মধ্যে বিদায়ী বার্তা দিয়েছেন ছাত্রদলের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে তারা দায়িত্ব পালনের শেষদিনের কথা জানান।

এর আগে রাজধানীর গুলশানে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের বর্তমান কমিটি ঘোষণা করা হয়েছিল।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493