বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ যোগাযোগ আমাদের পরিচয়
English
সর্বশেষ খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর ২০২৬ ● নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি হেলাল দিঘলিয়ার সারোয়ার খান কলেজ সরকারিকরণের উদ্যোগ ● বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-চীন ম্যাচ, পরিত্যক্ত হলে সেমিফাইনালে বাংলাদেশ ● নতুন কুঁড়ির ৩০৬ প্রতিভাবান ক্রীড়াবিদকে বিকেএসপিতে প্রশিক্ষণের উদ্যোগ সরকারের ● ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
আন্তর্জাতিক

ভারতের বিহারে চাকরিপ্রার্থী শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তেজনা, পুলিশের জলকামান ব্যবহার

আন্তর্জাতিক ডেস্ক:

নিয়োগ পরীক্ষা ও চাকরিসংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের বিহারের রাজধানী পাটনায় উত্তেজনা ছড়িয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ব্যবহার করে পুলিশ।

মঙ্গলবার বিপুলসংখ্যক বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাটনার গান্ধী ময়দান থেকে পূর্বঘোষিত মিছিল শুরু করেন। মিছিলটি ডাক বাংলো মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে।

এ সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করলে অনেক আন্দোলনকারী ভিজে গেলেও স্লোগান দিতে থাকেন।

পুলিশের দাবি, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কয়েকজন শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের অনেকের হাতে ভারতের জাতীয় পতাকাও দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাটনার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডাক বাংলো মোড়ে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও র‌্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদেরও মোতায়েন করা হয়।

যেসব দাবিতে আন্দোলন

আন্দোলনকারী শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে পাটনার গার্দানিবাগ এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক নিয়োগ পরীক্ষা এক ধাপে আয়োজন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, বিহার স্টাফ সিলেকশন কমিশনের (বিএসএসসি) নিয়োগ পরীক্ষা দ্রুত আয়োজন এবং হিন্দি মাধ্যমের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।

এ ছাড়া ৭০তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষাটি বাতিলের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

পাটনা পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের সাব-ডিভিশনাল পুলিশ অফিসার কামাখ্যা নারায়ণ সিং বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনার ফল ইতিবাচক। তার দাবি, আন্দোলনকারীদের বেশ কিছু দাবি ইতোমধ্যে মেনে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এরপরও কেউ মিছিল নিয়ে নিষিদ্ধ এলাকায় এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের থামানো হবে।

সরকারের সঙ্গে সংলাপের দাবি

বিক্ষোভস্থলে উপস্থিত কংগ্রেস নেতা সুশীল কুমার বলেন, শিক্ষার্থীরা পরীক্ষায় এক ধাপের ব্যবস্থা, নেগেটিভ মার্কিং বাতিলসহ বিপিএসসি, বিএসএসসি ও সাব-ইন্সপেক্টর নিয়োগসংক্রান্ত বিভিন্ন দাবি জানিয়ে আসছেন।

তার অভিযোগ, শিক্ষার্থীরা কয়েক দিন ধরে অনশন করলেও সরকার তাদের সঙ্গে কার্যকর সংলাপে বসেনি। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলকে আলোচনায় আমন্ত্রণ জানানোর আহ্বান জানান।

এদিকে চলমান বিপিএসসি পরীক্ষাবিরোধী আন্দোলন নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব। তিনি আন্দোলনকারীদের দাবি উপেক্ষা না করে গঠনমূলক আলোচনার মাধ্যমে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।

তেজস্বী যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। পাশাপাশি রেভল্যুশনারি ইয়ুথ অ্যাসোসিয়েশন, এসএসএআই ও ছাত্র যুব সংগ্রাম মোর্চাসহ ১৪টি ছাত্র ও যুব সংগঠনও বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে।

‘বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর ঘোষণা

শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যে অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ হিসেবে মাসিক ‘বিদ্যার্থী সহযোগ শিবির’ চালুর ঘোষণা দিয়েছে বিহার সরকার।

মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রতি মাসের চতুর্থ মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব শিবির আয়োজন করা হবে। সেখানে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে সরাসরি নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।

এ ছাড়া অনলাইনে অভিযোগ নিবন্ধন এবং অভিযোগের অগ্রগতি অনুসরণের সুবিধাও থাকবে বলে জানানো হয়েছে। এ জন্য একটি অনলাইন পোর্টাল এবং ১১০০ হেল্পলাইন চালুর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরীক্ষানিয়ন্ত্রকের মন্তব্য ঘিরে ক্ষোভ

এর আগে বিপিএসসি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে পরীক্ষানিয়ন্ত্রক রাজেশ কুমারের একটি মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। তিনি বলেন, ‘হাতি চলে বাজার, কুকুর ভোকে হাজার’। আন্দোলনকারীরা ও বিরোধীরা এই মন্তব্যকে শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর হিসেবে দেখছেন।

তেজস্বী যাদব ওই কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, নিয়োগ পরীক্ষায় বারবার অনিয়ম ও পরীক্ষা বাতিলের ঘটনা ঘটলেও দায় নির্ধারণ ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না।

শিক্ষার্থীদের দাবি এবং সরকারের অবস্থান নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে দ্রুত কার্যকর সংলাপ না হলে পাটনায় আন্দোলন আরও জোরালো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক পঠিত

একটি মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/modhumot/public_html/wp-includes/functions.php on line 5493