খুলনা ব্যুরো:
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালন করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগর ভবনের নিচতলায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে মানবজাতির জন্য উপহার হিসেবে প্রেরণ করেছেন। তিনি নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। মহানবী (স.)-এর দেখিয়ে দেওয়া আদর্শ যথাযথভাবে ধারণ ও অনুসরণ করতে পারলে তা সমগ্র বিশ্বের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রিয় নবী হযরত মুহাম্মদ (স.)-এর আদর্শে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ এবং ইমাম পরিষদ-খুলনার সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা আলিয়া কামিল মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা মুশফিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও মৃত্যু মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত স্মরণীয়। তাঁর জন্ম মানব সভ্যতার বিকাশে যে নবজাগরণের সূচনা করেছিল, তার ধারাবাহিকতা আজও সমানভাবে প্রবাহমান। মহানবী (স.)-এর শিক্ষা ও প্রদর্শিত পথে অগ্রসর হয়ে মানবজাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামানসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, মাজেদা খাতুন, রোকেয়া ফারুক, সমাজসেবক অধ্যাপক তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, শেখ আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, নিজামুর রহমান লালু, অ্যাডভোকেট গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে কেসিসি পরিচালিত মক্তবগুলোর শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী।

