রাজনীতি ডেস্ক:
জামায়াতে ইসলামী বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, জামায়াতের অতীত ভূমিকার তুলনায় আওয়ামী লীগের অপরাধ ‘লঘু’ বলে বিবেচিত হতে পারে।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খাঁন তার পোস্টে জামায়াতের নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি লেখেন, বিরোধী দলের সঙ্গে বর্তমান সরকার যে ধরনের আচরণ করছে, আওয়ামী লীগও অতীতে তেমন আচরণ করেনি—তাহেরের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি আগেই জামায়াত ও এনসিপির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সমন্বয়ের আশঙ্কা করেছিলেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, “আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।”
তিনি আরও অভিযোগ করেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে এবং পরে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত মাঠে নামবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন লেখেন, “তাহের সাহেবের বক্তব্য অনুযায়ী, ২৪-এর গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর অধিক শহীদ ও ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কিছুই না।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, জামায়াতের অতীত ভূমিকার কারণে আওয়ামী লীগের অপরাধকে তুলনামূলকভাবে ‘লঘু’ বলা যেতে পারে। তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ জামায়াতের ওপর দমন-পীড়ন করেনি—এমন বক্তব্য কীভাবে দেওয়া হয়।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন দাবি করেন, “সত্যি বলতে, জামায়াত তো বিগত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল, তাদের সঙ্গে আওয়ামী লীগ কেন খারাপ আচরণ করবে?”
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করতে জামায়াতের নেতারা নতুন রাজনৈতিক বয়ান তৈরি করছেন। এ সময় তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সমালোচনাও করেন।
তবে রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামী, এনসিপি বা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

