আন্তর্জাতিক ডেস্ক:
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধারকারী দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে অনেক এলাকায় এখনও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। ফলে হতাহত ও নিখোঁজ মানুষের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার দিনের বিভিন্ন সময়ে নিহতের সংখ্যা নিয়ে সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। এর আগে সকালে নেপাল পুলিশ জানিয়েছিল, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৪৬৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
হঠাৎ সৃষ্ট এই ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।

