মাগুরা প্রতিনিধি:
গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের নেতা রবিউল ইসলাম নয়ন। বর্তমানে গ্রামাঞ্চলে বিদ্যুতের বড় ধরনের সংকট বা ভোগান্তি নেই বলেও দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে রবিউল ইসলাম নয়ন বলেন, গ্রামে আসার পর তিনি বড় ধরনের বিদ্যুৎ সংকটের মুখোমুখি হননি। তাঁর ভাষ্য, সারা জীবন গ্রামাঞ্চলে যে ধরনের লোডশেডিং দেখে আসছেন, বর্তমানে প্রায় সেই মাত্রারই লোডশেডিং রয়েছে।
তিনি বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি, তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি—এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’
বিদ্যুতের ঘাটতি কমেছে বোঝাতে নিজের মোবাইল ফোনের প্রসঙ্গও তুলে ধরেন যুবদলের এই নেতা। তিনি বলেন, আগে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দেওয়া কঠিন ছিল। এখন তাঁর দুটি ফোনেই চার্জ রয়েছে।
নয়ন বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’
এ সময় তিনি দাবি করেন, বর্তমানে তাঁর এলাকায় বিদ্যুৎ নিয়ে ‘আহামরি কোনো সংকট’ বা বড় ধরনের ভোগান্তি নেই।

