রাজনীতি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও সন্ত্রাস, হল দখল এবং আধিপত্য বিস্তারের প্রবণতা দেখা যাচ্ছে।
সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।
মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম দাবি করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিনিধি ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও তাদের সহযোগীদের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। হবিগঞ্জে এনসিপির কর্মী আলিফের চোখ উপড়ে ফেলার ঘটনাও উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা জানান।
সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া জরুরি। শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং তরুণদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, “ক্ষমতায় থাকার অর্থ সবকিছু দখল করে নেওয়া নয়। অতীতে একই ধরনের মানসিকতার পরিণতি দেশ দেখেছে।”
জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করে এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনের গুরুত্বপূর্ণ সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের অংশগ্রহণ ছিল গণঅভ্যুত্থানের অন্যতম শক্তি। তিনি বলেন, সে সময় অনেকে ধারণা করেছিলেন আন্দোলন আর এগোবে না, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনে নতুন গতি এনে দেয়।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে সংরক্ষণ ও নথিভুক্ত করা প্রয়োজন। তবে এ বিষয়ে বর্তমান সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

