চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১৯ ; হাসপাতালে চিকিৎসাধীন ৬৪৯ জন
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৩২২ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত শনিবার (২৯ আগস্ট) ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৫ জনের মধ্যে খুলনায় ৪৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮৫ জন রয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, যশোরে ৪ জন, নড়াইলে ৪ জন, কুষ্টিয়ায় ৩ জন এবং মেহেরপুরে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় মৃত্যু ২ : মোট মৃত্যু ১৯ ঃ
প্রতিবেদনের হিসাবে, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত মৃত্যুর হিসাবের মধ্যে খুলনা সারিতে ২ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন এবং বাগেরহাটে ১ জনসহ মোট ১৯ জন মারা গেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ৬৪৯ জন ঃ
চলতি বছরে এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এর মধ্যে ৪ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৪৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর মধ্যে খুলনায় ২৬৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৮ জন, বাগেরহাটে ৯৫ জন, সাতক্ষীরায় ৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, যশোরে ৪৮ জন, ঝিনাইদহে ১৫ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ৫ জন, চুয়াডাঙ্গায় ২ জন এবং মেহেরপুরে ৩ জন রয়েছেন।
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪৫ : মৃত্যু ২

