রাজনীতি ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘প্রধানমন্ত্রীর প্রক্সি’ হিসেবে কাজ করতে গিয়ে নিজের মন্ত্রণালয়ে পর্যাপ্ত নজর দিতে পারছেন না। দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেন তাঁর মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাঁকে আহ্বান করব, তিনি যেন তাঁর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।’
ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ফিরে আসার ‘হাওয়া-বাতাস’ দুটি জায়গায় দেখা যায়—সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে। তাঁর দাবি, বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।’
দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এসব খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সারজিস আলম বলেন, ‘এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তাঁর মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে তাঁকে অপসারণ করা উচিত। তা না করে ব্যর্থতার পরও তাঁকে পদে রাখলে এর দায় প্রধানমন্ত্রীকেও নিতে হবে।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।
মাদ্রাসা ছাত্রদের ঘটনায় ‘ভুল বোঝাবুঝি’ অবসানের দাবি
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ব্রাহ্মণবাড়িয়া শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় যান। সেখানে তিনি মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ, শিক্ষক-শিক্ষার্থী এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
তিনি দাবি করেন, মাদ্রাসার ছাত্ররা পুলিশ লাইন্সে গান-বাজনা বন্ধ করতে যাননি। সামনে পরীক্ষা থাকায় তাঁরা শুধু উচ্চ শব্দে বাজানো গান কমানোর অনুরোধ করতে গিয়েছিলেন। সেখানে তাঁদের ওপর হামলা ও মারধর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ভাষ্য, পরবর্তী সময়ে পুলিশ দুঃখ প্রকাশ করলেও ছাত্রদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, ঘটনাটি গণমাধ্যমে এমনভাবে প্রচার করা হয়েছে যেন মাদ্রাসাছাত্ররা গান-বাজনা বন্ধ করতে সেখানে গিয়েছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বহীন আচরণ। তিনি মাদ্রাসার ছাত্রদের পাশে দাঁড়াননি এবং ঘটনার সুষ্ঠু বিচার করেননি।’

