খুলনা ব্যুরো:
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মিলন, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রাকিবুল ইসলাম বকুল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান শফিকুল আলম মনা, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি এবং খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
এ ছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বক্তারা দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নেতাকর্মীদের স্লোগান, শুভেচ্ছা বিনিময় ও নানা কর্মসূচিতে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

